প্যারিসে কুর্দি ক্যাফেতে বন্দুকহামলা, নিহত ৩


ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট রু ডি এনগিয়েনের কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র এবং ক্যাফেতে শুক্রবার বন্দুকহামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রসিকিউটর। ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক বিএফএম টিভি জানিয়েছে, ৬৯ বছর বয়সি এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যারিস পুলিশ বলেছে, রু ডি এনগিয়েনের বন্দুকহামলার ঘটনায় কোনো প্রতিরোধ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রসিকিউটররা বলেছেন, তারা হত্যার তদন্ত শুরু করেছে।
একজন প্রত্যক্ষদর্শী বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাত বা আটটি গুলি চালানো হয়েছে, রাস্তায় মারপিটও হয়েছে। এই গোলাগুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন একজন ফরাসি নাগরিক এবং তার বিরুদ্ধে দুটি হত্যার চেষ্টার মামলা রয়েছে।
প্যারিসের মেয়র অ্যান হিডালগো তাদের সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য পুলিশের প্রশংসা করেছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্যারিসে যাচ্ছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স, বিবিসি





