রাজনীতি

নয়াপল্টনের সমাবেশে নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে: উল্লাহ আমান

বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করা হবে। নয়াপল্টনে আমরা যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মহানগর উত্তর মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশের জন্য নয়াপল্টন চেয়ে আমরা চিঠিও দিয়েছে উল্লেখ করে আমান বলেন, অতীতে নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে বিএনপির বিভাগীয় সমাবেশসহ অন্যান্য কর্মসূচিও হয়েছে। সুতরাং আগামী ১০ ডিসেম্বরের সমাবেশও নয়াপল্টনেই হবে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিনিয়ত কর্মসূচি পালন করছে, রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করছে; অথচ আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারব না- এ রকম দুই নীতি চলতে পারে না।

সরকার মূলত অসৎ উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যেতে চায় মন্তব্য করে আমান উল্লাহ আমান বলেন, আমরা সরকারের সেই ফাঁদে পা দেব না। ১০ ডিসেম্বর ঢাকা হবে মিছিলের নগরী, জনতার শহর। শেখ হাসিনার পক্ষে সমাবেশ ঠেকানো সম্ভব হবে না।

ঢাকার সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশি অভিযান শুরু অভিযোগ তুলে তুলে তিনি আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আদালত প্রাঙ্গণ থেকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু কতজনকে গ্রেপ্তার করবেন? হাজার, লাখ নয়, কোটি-কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক নায়াব ইউসুফসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ