কাতারে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ


আর মাত্র ১২ দিন পর পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ—ফুটবল বিশ্বকাপের। ২০ নভেম্বর শুরু হয়ে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ চলবে এক মাস। এরই মধ্যে কাতারে ভিড় করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলের সমর্থকরা। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের জন্য দুঃসংবাদ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। প্রায় ছয় হাজার সমর্থককে নিষিদ্ধ করেছে তারা।
উগ্র সমর্থক বা অবৈধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত অথবা খাবার খেলে বিল দেওয়া না—এমন ছয় হাজার ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ।
বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে, সে কাতারে গিয়েও করবে। আমরা চাই, ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এ কারণে চাই, হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।’
তালিকাভুক্ত নিষিদ্ধ সেই সমর্থকদের পরিচয় তুলে ধরে বুয়েন্স আয়ার্সের এই কর্তা বলেন, ‘বারাস (হিংস্র সমর্থক) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা। যারা সব সময় খেলার মাঠে তথা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ছাড়া তারা ট্রাপিটোস (আর্জেন্টিনায় নিষিদ্ধ একটি ব্যবসা) এবং বকেয়া বিলের সঙ্গে জড়িত তারা।’





