রাজনীতি

ইডেন কলেজে কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছে ছাত্রলীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ইডেন কলেজে কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ও ভিসির প্ররোচনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে শাওন নিহত হয়েছেন। অথচ এসপি বলছেন- ঠেলাঠেলিতে মারা গেছেন শাওন। তারা নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর বিএনপির প্রয়াত যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলুর স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, দেশে ফ্যাসিবাদী নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। গত ৩১ জুলাই থেকে আজ পর্যন্ত জনদাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে চার জন নিহত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়া মানুষকে আর গুলি করে হত্যা করা যাবে না।

তিনি বলেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা ধারণ করে শাসক দলের সব ব্যারিকেড ভেঙে বিএনপির আন্দোলন এগিয়ে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের এই ঘোর দুর্দিনের সময়ে আজিজুল হাসান দুলুর মতো একজন নিবেদিত কর্মীর অকালে চলে যাওয়া আমাদের জন্য হৃদয় বিদারক।

এই বিভাগের আরও সংবাদ