মুন্সীগঞ্জে পুলিশ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঘন্টাব্যাপী সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ পুলিশ, সাংবাদিক, ও বিএনপির নেতাকর্মীসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আজ বুধবার (২১শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী পুলিশসহ পুলিশ সদস্য আহতের সংখ্যা বেশি।
তথ্য সুত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার সময় মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল স্থানীয় বিএনপির। পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল আসতে থাকে। এই কর্মসূচির আগে থেকে অনুমতি নেয়া বলে জানা গেছে। প্রায় ২ হাজার লোকের সমাবেশ হওয়ার সম্ভবনা ছিলো। কিন্তু এখানে ঘটনার সময়ে প্রায় ৫ হাজার লোকের সমাবেশ ঘটে। এছাড়াও জন সমাগম ধীরে ধীরে বাড়তে থাকে। জনসমাগম অনুযায়ী পুলিশ সদস্যদের পরিমাণ ছিলো কম। বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই পুলিশ বিএনপি নেতা কর্মীদের সমাবেশে নির্ধারিত লোকজন নিয়ে সমাবেশ শুরু করতে বলে। পরে এই বিষয়ে পুলিশ ও বিএনপির নেতাদের সাথে কথাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে পুলিশও টিয়ারসেল ও গুলি ছুড়তে বাধ্য হয়। এই ঘটনায় সাংবাদিক, পুলিশ ও নেতাকর্মী সহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। এছাড়াও পুলিশের ও সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেল এবং অপেক্ষমান গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়াও ডিবি পুলিশের মোটর সাইকেলও খোয়া যায়।
উল্লেখ্য, এ ঘটনায় প্রায় ৩৫ জন পুলিশ আহত হয়েছে। এর মধ্যে গুরুতর একজন আহত পুলিশকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত পুলিশের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান। এ আহতদের মধ্যে নারী পুলিশও রয়েছে। পুলিশের অন্যান্য আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের গুলিতে বিএনপির নেতা কর্মীদের মধ্যে চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামের হারুন অর রশিদ সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। তাকে চিকিৎিসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।
এছাড়াও প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সংর্ঘষে এসআই সুকান্ত বাউল, দাজল দাস, মাইনুদ্দিন, আসিনুল, অজিদ, মোজাম্মেল হক, কং রায়হান, ইলিয়াস খানসহ অন্তত ১৫ জন পুলিশ এবং সমকালের সাংবাদিক কাজী সাব্বির আহম্মেদ দীপু, কালবেলার সাংবাদিক মো. রুবেল, দিনকালের সাংবাদিক গোলজার হোসেন, রজত রেখার সাংবাদিক নাজির হোসেন এ ঘটনায় আহত হয়েছেন। এই সংঘর্ষে ৫-৬ জন গুলিবিদ্ধসহ বিএনপির নেতাকর্মীরাও আহত হয়েছে।
প্রাসঙ্গিক, বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



