রাজনীতি

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ: জি এম কাদের

সরকার কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের ওপর এ হামলা ক্ষমার অযোগ্য।

জাপা চেয়ারম্যান আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোনো সাফল্য নেই।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের নিক্ষিপ্ত গোলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মিয়ানমার সরকারের উদ্দেশে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ