জাতিসংঘের অধীনে গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত হতে হবে : ফখরুল


জাতিসংঘের তত্ত্বাবধায়নে বাংলাদেশের গুমের ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন মির্জা ফখরুল।
শতাধিক গুম পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের ছবি নিয়ে নিয়ে মানববন্ধনে অংশ নেন। গুম হওয়া, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।
এ সময় ফখরুল বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান (হাইকমিশনার) এখানে এসেছিলেন, তিনি পরিষ্কার ভাষায় বলে গেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের অভিযোগ আছে, তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’
আমরাও আজকে এই গুম দিবসে গুম পরিবারের সাথে একাত্ম হয়ে দাবি করছি, জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সমস্ত সরকার প্রধান যারা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে গুম হওয়া পরিবার যারা এসেছে এখানে তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তোমরা একা নও, তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ লড়াই করবে।’
আজকে আমাদের এই সন্তানদের (গুম হওয়া পরিবার) মুখে হাসি ফুটানোর জন্য, তাদের বাবাকে, তাদের ভাইকে, তাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে মানুষকে সঙ্গে নিয়ে।
তিনি বলেন, আমাদের যে আন্দোলন হচ্ছে সারা দেশে তা দেখে তারা কিন্তু এখনই ভয় পেয়ে গেছে। আবার সেই লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। কোনও লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না। মানুষ জেগে উঠেছে। আমরা আহ্বান জানাচ্ছি তরুণ যুবকদেরকে সবাই এগিয়ে আসুন দেশকে রক্ষা করার জন্য, আমার এই শিশুর বাবাকে ফিরিয়ে দেয়ার জন্য, ভাইদেরকে ফিরিয়ে দেয়ার জন্য।
আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন গড়ে তুলি যে আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ, এই দুঃশাসন, ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার, মানবতার সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।





