দুই ঘণ্টা পর বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে


ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে রাজধানীর বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বুধবার সাড়ে ৬টার দিকে বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিকসের টেলিভিশনের শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরের হোটেল ৭১-এর গলির একটি দোতলা ভবনের ওপরে থাকা টিনশেডের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি জানান, খবর পেয়ে ৬টা ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। এ নিয়ে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভবনটিতে ‘খাওয়ার আড্ডা’ নামে একটি হোটেল রয়েছে। সেখানেই আগুন লেগেছে। তবে পরে জানা যায়, খাবার হোটেল থেকে নয় বরং ওই ভবনের দোতলায় থাকা হামিম ইলেকট্রনিক্স নামে একটি টেলিভিশনের শোরুমে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





