রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার মধ্যে তার মৃত্যু হয়।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। মৃত বৃদ্ধের বাড়ি রাজশাহী নগরীতেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিন হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে এক জনের প্রাণহানি ঘটেছে। মৃত ব্যক্তি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ৪ জন। যেখানে গতকালও ৪ জন রোগীই চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ১ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ জন রোগী।
এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ০০ শতাংশ।





