পর্যাপ্ত জ্বালানি আছে, বিভ্রান্ত না হতে প্রধানমন্ত্রীর আহ্বান


দেশকে কীভাবে পিছিয়ে নিতে হয় সেটা বিএনপি ভালোই জানে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দলটির হাতে দেশ নিরাপদ নয়।
দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল ও অকটেন আছে, তাই মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভর্চুয়ালি যুক্ত হন।
সরকার প্রধান বলেন, “কোভড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব খাদ্য, জ্বালানিসহ নানা সংকটে ভুগছে। এসব সংকট মোকাবিলায় অগ্রীম পদক্ষেপ নিয়েছি।
“খাদ্য ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ব্যক্তিগত সঞ্চয় বাড়াতে হবে। সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এক ইঞ্চি জমি ও জলাভূমি পতিত রাখা যাবে না।”





