সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করছে: প্রধানমন্ত্রী


সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ জুন) হজ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামের প্রচার-প্রসারের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে করে মানুষ দ্বীনের সেবা করতে পারে। শুধু তাই নয়, বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান শুরুর আগে কুরআন তেলাওয়াতের প্রচলনও তিনি করেছিলেন।
তিনি বলেন, হাজিরা যাতে নির্বিঘ্নে হজ করতে পারেন এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। সরকার ধাপে ধাপে হজ ব্যবস্থাপনা উন্নতি করেছে। আগে হজ যাত্রীদের অনেক কষ্ট হতো, এখন ই-পাসপোর্ট চালু হওয়ায় তাদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।





