যুক্তরাষ্ট্রের ২ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত


যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই সামরিক কপ্টার দুটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল। উতাহ ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার স্নোবার্ড স্কি রিসোর্টের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই টুইট বার্তায় আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনো ক্রু সদস্য হতাহত হয়নি।
একটি ভিডিওতে দেখা গেছে, ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার দুটি সল্ট লেক সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলের কটনউড ক্যানিয়নের জনপ্রিয় স্কি রিসোর্টের কাছ দিয়ে উড়ে যাচ্ছে।
সে সময় বরফের কারণে ওই দুই হেলিকপ্টারের অবতরণে সমস্যা হচ্ছিল। যখনই একটি হেলিকপ্টার অবতরণ করল তারপরেই দ্বিতীয়টি বরফের মধ্যেই বিধ্বস্ত হলো।
উতাহ ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হেলিকপ্টার দুটি রুটিন মাফিক প্রশিক্ষণে অংশ নিয়েছিল। কিন্তু অবতরণের সময় দুর্ভাগ্যক্রমে বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। তবে এক মুখপাত্র বলেন, সৌভাগ্যক্রমে কারও কোনো ক্ষতি হয়নি সবাই ভালো আছেন। এদিকে ওই দুর্ঘটনার পর সব প্রশিক্ষণ বন্ধ রেখেছে উতাহ ন্যাশনাল গার্ড। ব্ল্যাক হক মডেলের ওই হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীসহ আরও ২৮টি দেশের সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে।
এ ধরনের হেলিকপ্টার অনেক উঁচু পর্যন্ত উড়তে পারে এবং অন্যান্যগুলোর চেয়ে বেশি জিনিস বহনে সক্ষম। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চার হাজারের বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার সেবা দিয়ে যাচ্ছে।



