আগামী দুই দিন হতে পারে বৃষ্টি


আগামী দু’দিন হালকা বৃষ্টির পর তাপমাত্রা আবার কমে গিয়ে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপমাত্রা বেড়ে দেশ থেকে ফের কেটেছে মৃদু শৈত্যপ্রবাহ। গত রোববার-মঙ্গলবার দেশের কয়েকটি জেলা-উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। বুধবার তা দূর হয়েছে। গত রাত থেকে শীতের তীব্রতা কিছুটা কমে গেছে।
বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দু’দিন পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে।



