নীলফামারীতে ৫০ তম মহান বিজয় দিবস পালিত


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় নীলফামারীতেও যথাযোগ্য মর্যাদায় ৫০ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দিবসটি উপলক্ষে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। শীতের কুয়াশায় সকাল ৬টা ৪২ মিনিটে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ স্মৃতি অম্লান এর পাদদেশে মহান শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ৮টায় জেলা সার্কিট হাউজ চত্বরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন, দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হকের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও স্বাধীনতা স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ যে, অনুরূপভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।




