রাজনীতি

লন্ডন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা সত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে। এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। শনিবার (৬ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

রোববার (৭ নভেম্বর) বিআরটিএ-এর ভাড়া পুনির্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন এবং বৈঠকে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, মূল্য সমন্বয়ের এ অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সবাইকে সতর্ক থাকতে হবে। ওবায়দুল কাদের পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্যপরিবহনসহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের আরও সংবাদ