হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে ধর্মীয় উৎসব পালন করছে: এমপি শাওন


মোহাম্মদ তন্ময়, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ৯২ সালে এই এলাকার বিএনপি দলীয় একজন সাংসদের প্রত্যক্ষ মদদে সারাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হয়েছে। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ি লুটপাট ও অগ্নি সংযোগ করে তাদের এদেশ থেকে বিতারিত করা হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে কোন মন্দিরে নির্বিঘ্নে পূজা অর্চনা করতে দেয়া হয়নি।
পূজার সময়গুলোতে তারা ভয় ও আতঙ্ক নিয়ে গোপনে মন্দিরে এসে পুজা করতো। অথচ, শেখ হাসিনা সরকার যখনেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখনেই এদেশের হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন থেকে শুরু করে সামাজিক, নাগরিকসহ সকল অধিকার আদায় করতে পেরেছে।
মঙ্গলবার (১২ই অক্টোবর) সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি শাওন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত উপজেলার ১৫ টি পুজামন্ডপে ৫শ কেজি করে চাল এর ডিও এবং নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রতিটি পূজামন্ডপে প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শহিদুল্যাহ কিরণ, মোঃ রাসেল প্রমুখ।




