জাতীয়

ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে একাধিকবার যাচাই ও গণশুনানি

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিতকরণের পাশাপাশি উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটি।

প্রয়োজনে ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে প্রদানের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে মর্মে মন্ত্রণালয় কমিটিকে অবহিত করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব আলোচনা হয়। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতেই প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন করার জন্য কমিটির পক্ষে থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, পারিবারিক কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন, এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা এবং চলমান প্রকল্পগুলোর আর্থিক ও বাস্তব অগ্রগতি স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা পূর্বক যেসব প্রকল্প পিছিয়ে রয়েছে, সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিতকরণের পাশাপাশি উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে প্রদানের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে মর্মে মন্ত্রণালয় কমিটিকে অবহিত করে।

কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করে এবং সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তাগিদ প্রদান করে। বৈঠকে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং সংসদ-সদস্যকে অবহিত করার জন্য সুপারিশ করেন।

বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিসে সেবা প্রদান কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করে।

এ সময় বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালু এবং সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক পরবর্তী সভায় বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কমিটির মাধ্যমে মন্ত্রণালয়কে ফাংশনিং করার জন্য কমিটির সভাপতি কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ