শীর্ষ নিউজ

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ রক্ষণাবেক্ষণ কাজ চলবে বলে জানিয়েছে ভারতীয় কোম্পানিটি।

এ সময়ে কেন্দ্রটির সমান ক্ষমতার অন্য ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আদানি পাওয়ার বলেছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এতে সম্মতি দিয়েছে।

রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং করা হবে। ভবিষ্যতে কারিগরি ত্রুটি এড়াতেও প্রয়োজনীয় কাজ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গড্ডায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট হলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশে সব মিলিয়ে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা। একটি ইউনিট বন্ধ থাকায় এ সময়ে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্ধেকে নেমে আসবে।

২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। ওই চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০০ কোটি ডলার ব্যয়ে গড্ডায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে আদানি। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমে আসার মধ্যেই আদানির একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে।

ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানি অক্টোবরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।

অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে ৪ কোটি ৬০ লাখ ইউনিট হয়েছে।

আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ায় আমদানি বাড়ানো হয়েছে বলে সেসময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

এর আগেও কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহের সংকটে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছিল। গত ১০ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে গড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। তিন দিন পর ১৩ সেপ্টেম্বর ইউনিটটি আবার উৎপাদনে ফেরে।

এনএলডিসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় আদানি থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর ১০ সেপ্টেম্বর তা ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে আসে।

এই বিভাগের আরও সংবাদ