ঢাকা
ধামরাইয়ের ঢুলিভিটায় প্রাইভেটকার-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২


রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় প্রাইভেট কার ও মাটিবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫) আহত হন।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত মেহেদী হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার ইকবাল নগর এলাকায়। অপর আহত ফিরোজ আলীর বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





