ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ


পোশাকশ্রমিকদের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা বসছে আজ। এই বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাব জমা দিতে পারেন।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে এই সভা। গত ১৬ নভেম্বর এ সভা হওয়ার কথা থাকলেও পরে তা পুনর্নির্ধারণ করা হয়।
এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
আজকের সভায় শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে প্রস্তাব জমা দিতে পারেন মালিকপক্ষ।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দুই নেতার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মালিকপক্ষ ঘণ্টায় নয়, মাসিক মজুরি হিসেবে ১১৩ থেকে ১১৫ ডলারের সমপরিমাণ অর্থ প্রস্তাব করতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা হিসাবে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। মানচিত্রদেখুন
দুই বছর আগে, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত বর্তমান ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
এদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
তবে বিজিএমইএর অভিযোগ—সিপিডির এই হিসাবের মধ্যে বাসাভাড়ার খরচ দুইবার গণনা করা হয়েছে।
বিজিএমইএর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিপিডি। লিখিত জবাবে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, আবাসন ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে; একই ব্যয় দুইবার গণনা করা হয়নি।
সিপিডি জানায়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় হিসাব করার আগে খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া ও খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দেওয়া হয়েছে। এরপর পোশাক, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগের মতো খাতের ব্যয় হিসাব করা হয়েছে।





