হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মঞ্চ নাটক অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি: হারিয়ে যাওয়া গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ মঞ্চ নাটক।
স্থানীয় যুব সমাজের আয়োজন গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার বোয়ালদাড় গ্রামের উত্তরপাড়া এই নাটকের আয়োজন করা হয়।

নাটকটিতে গ্রামবাংলার চিরায়ত জীবনধারা, সামাজিক অসংগতি ও ঐতিহ্যের নানা দিক অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলেন স্থানীয় নাট্যশিল্পীরা।
দীর্ঘদিন পর নিজ এলাকায় এমন প্রাণবন্ত মঞ্চ নাটক উপভোগ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্থানীয় দর্শকরা। সন্ধ্যা থেকেই নাটকটি দেখার জন্য বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা অনুষ্ঠানস্থলে ভিড় জমান।
আয়োজকরা জানান, ডিজিটাল সংস্কৃতির প্রভাবে বর্তমান প্রজন্ম দেশীয় সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সুস্থ বিনোদন ও গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





