গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রল বোমা নিক্ষেপ


গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রল বোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অফিসে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে পুরনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও জড়িতদের শনাক্তের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর।





