কুষ্টিয়ার স্থাপত্য প্রতিষ্ঠান ‘স্থা-কল্প’ পেল জাতীয় স্বীকৃতি


কুষ্টিয়া প্রতিনিধি: রাজধানীর বাইরে থেকেও মানসম্মত স্থাপত্যচর্চার স্বীকৃতি পেল কুষ্টিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘স্থা-কল্প আর্কিটেক্টস’। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় ‘স্থা-কল্প অফিস’ ২০২৬ সালের ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে (The DELTA Contextual and Social Impact Awards) অনারেবল মেনশন অর্জন করেছে।
গত ১০ নভেম্বর এ পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়। ‘হেরিটেজ কনজারভেশন, রেস্টোরেশন অ্যান্ড অ্যাডাপটিভ রিইউজ’ শীর্ষক বি১ ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছে প্রকল্পটি।
আর্কিকানেক্ট ও সিইএমএস গ্লোবাল আয়োজিত এ পুরস্কারের হোস্ট প্ল্যাটফর্ম বিল্ড বাংলাদেশ। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), যা বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
স্থা-কল্প আর্কিটেক্টসের প্রধান স্থপতি নাজমুস সাকিব তনুর নেতৃত্বে কার্যালয়টির নকশা ও বাস্তবায়ন করা হয়।
কুষ্টিয়া শহরে অবস্থিত এ কার্যালয়ের নকশায় স্থানীয় পরিবেশ, জলবায়ু, নির্মাণ উপকরণ ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মপরিবেশের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
প্রকল্পটির বিশেষ দিক হলো, ঢাকাকেন্দ্রিক স্থাপত্যচর্চার বাইরে একটি জেলা শহরে থেকেও স্থানীয় বাস্তবতা ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত স্থাপত্য নির্মাণের উদাহরণ তৈরি করা। এতে স্থানীয় উপকরণ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক স্থাপত্যভাবনার সমন্বয় ঘটানো হয়েছে।
‘স্থা-কল্প অফিস’-এর এ অর্জন কেবল একটি স্থাপত্য প্রকল্পের স্বীকৃতি নয়, দেশের জেলা শহরগুলোতে স্থাপত্যচর্চার নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে। রাজধানীর বাইরে থেকেও যে প্রেক্ষিতনির্ভর ও দায়িত্বশীল স্থাপত্যচর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন সম্ভব, কুষ্টিয়ার এ অর্জন তারই একটি উদাহরণ।





