পতিত ফ্যাসিবাদ পোশাক খাতকে অস্থির করছে: শামা ওবায়েদ


পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদ উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। সরকারিসেবা
সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।
শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি মেটাতে প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র। মানচিত্রদেখুন
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করছে, ঠিক তখনই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।





