জাতীয়

শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে খণ্ডিত উদ্যোগের পরিবর্তে একটি সমন্বিত, জাতীয়ভাবে স্বীকৃত এবং টেকসই অর্থায়ননির্ভর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের ‘Strengthening Child Protection Systems and Financing for Sustainable Impact’ বিষয়ক স্যাটেলাইট ইভেন্টে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের প্রতি সহিংসতা কেবল শিশু অধিকারের লঙ্ঘন নয়, এটি মানবসম্পদ, সামাজিক ঐক্য এবং টেকসই উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। তাই শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অবহেলা, শোষণ এবং ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান- এর অন্যতম জাতীয় উন্নয়ন অগ্রাধিকার। এছাড়াও, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে সরকার নতুন কুঁড়ি ও নতুন কুঁড়ি (স্পোর্টস)সহ খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসারে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, বিচ্ছিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এর জন্য আইন, প্রতিষ্ঠান, দক্ষ জনবল, পরিবার, সমাজ এবং সরকারি অর্থায়নের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনকারী একটি শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ তিনটি কৌশলগত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রথমত, নেতৃত্ব ও জবাবদিহিতা জোরদার এর অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ প্রতিষ্ঠা এবং সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি, সমন্বয় ও জবাবদিহিতা বাড়াতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডগুলোকে সক্রিয় করা হচ্ছে।

দ্বিতীয়ত, প্রতিরোধ ও সমন্বিত সেবায় বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে শিশুরা যেখানে বেড়ে ওঠে, শেখে এবং বসবাস করে, সেখান থেকেই সহিংসতা প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ জন্য পজিটিভ প্যারেন্টিং সম্প্রসারণ, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার, নিরাপদ বিদ্যালয় নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় শিশু সুরক্ষা অন্তর্ভুক্তি এবং শিশুবান্ধব বিচার ব্যবস্থাকেও শক্তিশালী করা হচ্ছে।

তৃতীয়ত, টেকসই ফলাফল নিশ্চিতকরণে সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, কেস ম্যানেজমেন্ট ও রেফারেল ব্যবস্থার উন্নয়ন, তথ্য-উপাত্তে বিনিয়োগ এবং সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে অভ্যন্তরীণ অর্থায়ন বাড়ানো হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সরকারি নেতৃত্বের পাশাপাশি কমিউনিটি, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাত একযোগে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি শিশু যেন নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বের ১০০টির অধিক দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ