কামারখন্দে চাউল কল থেকে তিনটি ট্রান্সফরমার চুরি


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে একটি চাউল কল থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৌরগাতি গ্রামে তোফাজ্জল হোসেনের মালিকানাধীন চাউল কলে এ চুরির ঘটনা ঘটে।
চাউল কলের মালিক তোফাজ্জল হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে চাউল কলে গিয়ে তিনটি ট্রান্সফরমার দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এর আগেও তাঁর ওই চাউল কল থেকে একবার ট্রান্সফরমার এবং দুইবার বিদ্যুতের মিটার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত আলী জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। এমনকি পুলিশও বিষয়টি আগে জানতে পারেনি। প্রতিবেদকের মাধ্যমে তিনি প্রথম ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





