উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ


মনির হোসেন জীবন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর হটলাইন নম্বর ‘১০২’ জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উত্তরার দিয়াবাড়ী ফায়ার স্টেশন। “দি লাইফ সেভিং ফোর্স” খ্যাত এই বাহিনীর আয়োজনে আজ সকালে উত্তরায় অবস্থিত ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ জন শিক্ষার্থীকে হাতে-কলমে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর), ২০২৬ তারিখ সকাল ১০টায় দিয়াবাড়ী ফায়ার স্টেশনে এই বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফায়ার ফাইটার এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরে অবস্থিত ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ জন শিক্ষার্থী সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেয়। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনায় করণীয়, পাহাড়ধস ও বয়লার দুর্ঘটনা, বজ্রপাতের সময় সতর্কতা এবং ভূমিকম্প মোকাবিলায় আগাম সতর্কবার্তা ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। উত্তরা ফায়ার সার্ভিস নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে আসছে।
এবারের আয়োজনে শিক্ষার্থীদের ল্যাপটপের মাধ্যমে বড় প্রজেক্টরের পর্দায় অগ্নি মহড়া সম্পর্কিত ভিডিও প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রদর্শনী, মহড়া ও প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফায়ার সার্ভিসের বিভিন্ন উদ্ধার সামগ্রী এবং যন্ত্রপাতির নাম ও ব্যবহার বাস্তব অভিজ্ঞতার আলোকে হাতে-কলমে শিখানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন এই প্রতিবেদককে জানান, অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, (এসইউপি)-এর দিক নির্দেশনায় এই অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সকলকে অবহিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, উত্তরা মডেল টাউনের বাণিজ্যিক ভবন, শপিং মল, বহুতল ভবন, কলকারখানা, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা এমনকি বস্তি এলাকাতেও এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে স্বেচ্ছাসেবক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী, তারা অনলাইনে বা সরাসরি অফিসে এসে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।





