বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ফের ঘূর্ণিঝড়ের আভাস


বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই লঘুচাপের সৃষ্টি হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিপথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে প্রাথমিক হিসেবে এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে।
এদিকে দেশের সার্বিক আবহাওয়া নিয়ে অধিদফতর জানিয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।





