ফুটবল

জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম, বাড়ছে অস্বস্তি

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মাঠে এমবাপ্পের পজিশন, দলের কৌশল এবং শারীরিক প্রস্তুতি নিয়ে মতবিরোধের জেরে ড্রেসিংরুমের পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে বলে দাবি ফরাসি সংবাদমাধ্যমের।

ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পের অনুশীলনে অনুপস্থিতি এবং খেলা নিয়ে অনাগ্রহের খবর সামনে আসার পরই এই বিতর্ক নতুন মাত্রা পায়। তবে জিদান ও এমবাপ্পের মধ্যকার দ্বন্দ্বের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

ফরাসি টেলিভিশন উপস্থাপক ও পিএসজি সমর্থক সিরিল হানৌনা সম্প্রতি ডব্লিউ৯ চ্যানেলের অনুষ্ঠান ‘তো বো, তো ন্যুফ’-এ দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় ইতালির বিপক্ষে খেলতে আগ্রহী ছিলেন না এমবাপ্পে। একের পর এক চোটের কারণে নিজের সেরা ছন্দে নেই ফরাসি অধিনায়ক।

হানৌনার ভাষ্য, এমবাপ্পের এমন অবস্থান ভালোভাবে নেননি জিদান। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কোচ নাকি এমবাপ্পেকে জানিয়ে দেন, খেলতে না চাইলে ইতালির বিপক্ষে তার মাঠে নামার প্রয়োজন নেই।

এর আগে জিদানের অধীনে জাতীয় দলের প্রথম ক্যাম্প থেকেই দুজনের মধ্যে মতপার্থক্যের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে। ওই ক্যাম্পে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত নেন জিদান। অন্যদিকে, ওসমান দেম্বেলেকে আক্রমণভাগের মাঝখানে খেলানোর পরিকল্পনা করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে মূল স্ট্রাইকার হিসেবে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এমবাপ্পে। ফলে কোচের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর।

হানৌনা আরও দাবি করেন, সাবেক কোচ দিদিয়ের দেশম এমবাপ্পের কিছু আচরণ এড়িয়ে গেলেও জিদান তেমনটা করতে রাজি নন। সতীর্থদের সঙ্গে এমবাপ্পের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফ্রান্স দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে মাঠের বাইরের আলোচনা ছাপিয়ে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মনোযোগ দিতে হচ্ছে ফ্রান্সকে। নেশনস লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিলানে মুখোমুখি হওয়ার কথা দুই দলের।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ইতালির সংগ্রহ ৭ পয়েন্ট এবং বেলজিয়ামের ৬। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি তুরস্ক।

প্রথম লেগে ফ্রান্স ও ইতালির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার ইতালির বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হবে ফরাসিদের।

অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল স্পটের জন্য লড়াইয়ে রয়েছে ইতালি ও বেলজিয়াম। আগামী রোববার ব্রাসেলসে মুখোমুখি হবে দল দুটি।

সব মিলিয়ে ইতালির বিপক্ষে ম্যাচটি ফ্রান্সের জন্য যেমন মাঠের লড়াইয়ে গুরুত্বপূর্ণ, তেমনি জিদান-এমবাপ্পের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

এই বিভাগের আরও সংবাদ