আন্তর্জাতিক

শত্রুরা অর্থনৈতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করতে পারবে না: পেজেশকিয়ান

চাপ ও নিষেধাজ্ঞার কাছে ইরান মাথা নত করবে না এবং নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানি প্রেসিডেন্সির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। ওই বৈঠকেই এসব কথা বলেন পেজেশকিয়ান। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি দেশটির জনগণের মনোবল দুর্বল করতে পারেনি। ভালো বন্ধু ও প্রতিবেশী থাকায় শত্রুরা ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না। এ ক্ষেত্রে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের জনগণের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের শত্রুরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে দেশটির জনগণের জীবনযাত্রায় আঘাত হানার চেষ্টা করছে। এমনকি খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা আঞ্চলিক বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কিছু দেশের নেতাদের মতো ইরানের নেতৃত্ব কিংবা জনগণ কেউই অন্যায়ের চাপ ও জবরদস্তির কাছে আত্মসমর্পণ করবে না।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সব ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্য খাতে, সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।

জবাবে নেচিরভান বারজানি ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কুর্দিস্তান অঞ্চলের প্রস্তুতির কথা জানান।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও সংবাদ