রাজনীতি

সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীলতা তৈরিতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অর্থ পাচার ও বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনায় ১৯৯০ ও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি দেশে গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মতো ভয়ের সংস্কৃতি আর ফিরে না আসার আহ্বান জানান।

বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পর্যন্ত অর্থের লেনদেন হয়েছে। পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস যুক্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, প্রকৃত শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয়; বরং বিবেক, মনুষ্যত্ব ও দুঃসময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার সার্থকতা।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ