মুন্সিগঞ্জ

শ্রীনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া নামক স্হানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেনের পাশের খাদে পড়ে যায় দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসে ৩ যাত্রী নিহত ও ১৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, নিহত ১ জনের পরিচয় জানা গেছে। তার নাম রুকনুজ্জামান (৫৫)। তাৎক্ষণিকভাবে অন্যদের জানা যায়নি। নাম পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ