চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম কথিত হেরোইনসহ মোঃ শামীম হোসেন ওরফে ফটিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সদর মডেল থানার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদক ও সন্ত্রাসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হরিশপুর গ্রামে অভিযান চালান।

অভিযানকালে হরিশপুর গ্রামে মোঃ ইউসুফ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে নরেন্দ্রপুর থেকে হাকিমপুর বিওপিগামী পাকা সড়কের ওপর থেকে শামীম হোসেন ওরফে ফটিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম হোসেনের পিতার নাম মোঃ জালাল উদ্দীন এবং মাতার নাম মোসাঃ সামিনা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর এলাকার আলতাফ হোসেন টোলা। তিনি বর্তমানে স্বরূপনগর এলাকায় বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১৫০ গ্রাম হালকা বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া চাবিসহ একটি পুরোনো নীল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল এবং একটি আকাশি রঙের পুরোনো ব্যবহৃত লিনেক্স বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও চোরাচালানমুক্ত জেলা গড়ে তুলতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ