আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার


রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির সামনে গতকাল শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুলকালি দিতে যান। এই ঘটনায় ওইদিন শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
পরে ওই ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীরও সংস্কার করা হয়।



