এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের ফ্লাইটে ব্যবহার্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে কার্যকর হতে যাচ্ছে এবং বিইআরসির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। আজ বিকেলে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন সমন্বিত মূল্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১.১৮৮২ মার্কিন ডলার।
গত সেপ্টেম্বর মাসজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ০৬ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটে আগের দাম ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে প্রতি লিটারে ০.১১১১ ডলার বা প্রায় ১১ সেন্ট মূল্যবৃদ্ধি করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় মূল্য এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করা হয়েছে। এই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারা অনুযায়ী ভোক্তাপর্যায়ে এই মূল্য সমন্বয় করেছে কমিশন।



