হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব


ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন এ অভিযানে স্থলভাগে লড়াই করবে রিয়াদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি বাহিনী। তাদের সহায়তায় সৌদি আরব বিমান হামলা চালাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অভিযান শুরু হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন ব্যক্তি জানিয়েছেন।
গত মাসে হুথি বাহিনী লোহিত সাগরের উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়ে বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে যাওয়াকে সৌদি আরবের জন্য বড় কৌশলগত উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।
অভিযানের জন্য সৌদি নেতৃত্ব দুটি সম্ভাবনা বিবেচনা করছে বলে উপসাগরীয় ও ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন। প্রথমটি হলো- বাব আল-মানদেবের আশপাশের এলাকায় সীমিত আকারে অভিযান চালিয়ে উপকূলীয় অঞ্চল পুনর্দখল করা। দ্বিতীয়টি হলো- ইয়েমেনের আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ একাধিক এলাকায় সমন্বিতভাবে বড় আকারের আক্রমণ চালানো।
পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অভিযানের পরিসর অনুযায়ী এক লাখের বেশি ইয়েমেনি সেনাকে সংঘাতে যুক্ত করা হতে পারে।
বাব আল-মানদেব লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করে। ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় চলতি বছরে বাব আল-মানদেবের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মনে করছে, হুথিরা বাব আল-মানদেবের নিয়ন্ত্রণে থাকলে তাদের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় যাওয়া কঠিন। তাই প্রণালিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে সম্ভাব্য সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বলে এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন। তবে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশ নেবে কি-না, তা স্পষ্ট নয়। তুরস্ক ও পাকিস্তানও সৌদি আরবকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে সৌদি আরবের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে হুথিদের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। দেশটির তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছে রিয়াদ।



