রাজনীতি

দর্শনা’র কুড়ুলগাছি হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা চম্পট

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদার দর্শনা থানাধীন চন্ডিপুর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ৯ টার দিকে চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের হ্যান্ডকাফসহ পালানো আসির আবু ছিদ্দিক (৫৫) কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। এবং চন্ডিপুর বাজার পাড়া গ্রামের মৃত উম্বাত আলীর ছেলে। তার বিরুদ্ধে একটি পুরোনো মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে দর্শনা থানার একটি দল চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় সেখানে থাকা আসামির আত্মীয়-স্বজনরা থাকে নিয়ে যেতে বাধা দিলে সেই সুযোগে ওই আসামি সেখান থেকে হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যান। এসময় পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার পর তাকে আ.লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে নারীসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- চন্ডিপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে আটক করেছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মুখলেসুর রহমান বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ