আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


ইয়ামিন হোসেন, ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ নির্বাচনী এলাকা ভোলায় বইছে উৎসবের আমেজ। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ইউনিয়নের পূর্ব ইলিশা পাকারমাথা এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিভিন্ন আনন্দঘন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন ইউনিয়নের বিজেপি সভাপতি আলম বেপারী এবং সাধারণ সম্পাদক নোমান হাওলাদার। বক্তব্যে নেতারা বলেন, বিশিষ্ট আইনজীবী ও রাজপথের পরীক্ষিত নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব প্রদান করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন যে, আন্দালিব রহমান পার্থের হাত ধরে নদী ভাঙন রোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ভোলা জেলার সার্বিক উন্নয়নে এখন নতুন গতি সঞ্চার হবে।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও পথচারী সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।



