সরকারের তিন সচিব পদে রদবদল


সরকারের তিন সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
যা বলা হল প্রজ্ঞাপনে
রফিকুল আই মোহাম্মদকে আবারও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি করা হয়।
এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।
গত ১০ আগস্ট সরকার কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আসে। সেই সময় চুক্তিভিত্তিক নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে পাঠানো হয় এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়।



