কুষ্টিয়া

এমপি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি:এমপি আমির হামজার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শহরের রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের রাজপথ কাপানো হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

রবিবার ১৬ আগস্ট বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ও মজমপুর গেট অতিক্রম করে শহরের শাপলা চত্বর/ পাচ রাস্তার মোড় পার হয়ে এসে ছয় রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের নেতাকর্মী ও জনসাধারণেরা মিছিলে অংশ নেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সোজাউদ্দিন জোয়ার্দারসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে আমির হামজার ওপর হামলাকারীদের ভিডিও দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঘোষণা করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসন দোষীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে কুষ্টিয়াবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ