রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ


আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো। বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, হুইপ রকিবুল ইসলাম বকুল, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) অংশগ্রহণ করেন।
এর আগে, বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ বৈঠক শুরু হয়।
নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।
চিফ হুইপ জানান, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে। ভোটগ্রহণ হবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।
তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না।
ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত যাতে না হয়, সে জন্য ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।



