ভোলা

ভোলায় জালে ধরা পড়লো ১৭ কেজির নদীর পাঙ্গাশ, বিক্রি হলো ১৯ হাজার টাকায়

ইয়ামিন হোসেন, ভোলা : ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ইলিশাঘাটে ১৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির নদীর পাঙ্গাশ মাছ ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। নদী থেকে ধরা পরা এই বিশালাকৃতির মাছটি দেখতে ভোর থেকেই আড়তে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে।

​আড়ত সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় জেলে জুয়েল মাঝি মেঘনা নদীতে মাছ শিকারে যান। নদীতে জাল ফেলার পর ইলিশের সঙ্গে বিশালাকৃতির এই পাঙ্গাশ মাছটি জালে আটকা পড়ে। আজ (৯ আগষ্ট) সকালে মাছটি বিক্রির জন্য ইলিশাঘাটের ‘সাজী মৎস্য আড়তে’ নিয়ে আসা হয়।

​সাজী মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন সাজী জানান, ইলিশাঘাটে মাছটি আনার পর এক নজর দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে খোলা ডাকের (নিলাম) মাধ্যমে প্রতি কেজি ১,১০০ টাকার বেশি দরে মোট ১৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। মাছটি ক্রয় করেছেন পাইকারি মৎস্য ব্যবসায়ী রহিম ও ইমন।

​স্থানীয় জেলেদের ভাষ্যমতে, বর্তমানে নদীতে ইলিশের পাশাপাশি মাঝে মাঝে এমন বড় আকারের পাঙ্গাশ ও অন্যান্য নদীর মাছ ধরা পড়ছে, যা জেলেদের মুখে হাসি ফোটাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ