অবৈধ মৎস্য আহরণ রোধে কালিহাতীতে কঠোর প্রশাসন, ১৩ লাখ টাকার জাল ধ্বংস


জাহাঙ্গীর আলম, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ মৎস্য আহরণ রোধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার চারান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন সহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, অভিযানে মোট ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



