সিরাজগঞ্জে দই কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃভোক্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিরাজগঞ্জে দই উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই উৎপাদন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এছাড়া উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করে কারখানার ঠিকানা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় কারখানায় ব্যবহৃত দুধের মান পরীক্ষা করা হলে তা সন্তোষজনক পাওয়া যায়।
তবে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



