সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত


সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ২৬৫ মিলিমিটার। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সেল এই তথ্য জানিয়েছে।
এর আগে, বুধবার (৮ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী তিনদিন সুরমা, কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির কথা জানিয়েছিল।
সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত।
যার ফলে নদ নদীতে পানি বাড়ছে। এছাড়াও ভারতের মেঘালয়েও একই সময়ে পানি বাড়ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, ‘সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘লাউড়েড়গড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই পয়েন্টে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এভাবে নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে।’



