গণমাধ্যম

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে একাত্তরের শফিক, ১১ সদস্যের কমিটি পুনর্গঠিত

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর আলোকে ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববির সই করা এই অফিস আদেশে বলা হয়, নীতিমালার উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী পূর্ববর্তী কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার। এছাড়া কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।

কমিটিতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধি ছাড়াও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে নতুন কমিটির তিনটি প্রধান দায়িত্ব বা কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে:

১. প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

২. প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত যেকোনো ধরনের আপত্তি বা অভিযোগ গ্রহণ, এর ওপর শুনানি পরিচালনা এবং তা নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

৩. বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় সময়ের প্রয়োজনে যেকোনো সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়ন করবে।

কমিটির পূর্ণাঙ্গ তালিকা:

সভাপতি: প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর।

সদস্য: মহাপরিচালক, জনকূটনীতি অনুবিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়।

সদস্য: মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।

সদস্য: উপসচিব (প্রেস-২), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সদস্য: উপসচিব, সচিবালয় নিরাপত্তা শাখা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সদস্য: আতিকুর রহমান রুমন (সম্পাদক, দৈনিক দিনকাল ও অতিরিক্ত প্রেস সচিব, প্রেস উইং, প্রধানমন্ত্রীর কার্যালয়)।

সদস্য: কাদের গনি চৌধুরী (মহাসচিব, ডিইউজে-বিএফইউজে, ঢাকা)।

সদস্য: খুরশীদ আলম (নির্বাহী সম্পাদক, জেডনিউজডটনিউজ এবং সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে)।

সদস্য: শফিক আহমেদ (সিইও ও হেড অব নিউজ, একাত্তর টেলিভিশন)।

সদস্য: উম্মে মারুফা (স্পেশাল করেসপন্ডেন্ট, নিউজ ২৪ টেলিভিশন)।

সদস্য-সচিব: সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল), তথ্য অধিদপ্তর।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, এই নতুন কমিটি গঠনের সঙ্গে সঙ্গেই এর পূর্বে গঠিত সকল প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এই বিভাগের আরও সংবাদ