দেশজুড়ে

সিলেটে পৌঁছাল কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর লাশ সিলেটে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লাশগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে লাশগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

এ সময় নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানায় বোর্ড।

মঙ্গলবার জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। সোমবার কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ