আন্তর্জাতিক

কুরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম মুসলিম মহাকাশচারী আবদুল আহাদ আর নেই

আফগানিস্তানের প্রথম মহাকাশচারী আবদুল আহাদ মোমান্দ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ জুন ৬৭ বছর বয়সে জার্মানিতে মারা গেছেন। ১৯৮৮ সালে মহাকাশ অভিযানে যাওয়ার সময় তিনি একটি পবিত্র কোরআন সঙ্গে নিয়েছিলেন এবং মহাকাশে তা তেলাওয়াত করেছিলেন।

আবদুল আহাদ মোমান্দ ছিলেন মহাকাশে যাওয়া প্রথম আফগান এবং ইতিহাসের চতুর্থ মুসলিম। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ‘মির’ মহাকাশ স্টেশনে নয় দিন অবস্থান করেছিলেন।

আফগানিস্তানের গজনি প্রদেশে জন্ম নেওয়া মোমান্দ দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে জার্মানিতে পাড়ি জমান। মস্কোর খ্যাতনামা ইউরি গ্যাগারিন বিমানবাহিনী একাডেমিতে অধ্যয়নকালে ৪০০ আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত আটজনের একজন ছিলেন মোমান্দ। পরে তিনি ‘ইন্টারকসমস’ কর্মসূচিতে অংশ নেন, যার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশের নাগরিকদের মহাকাশে যাওয়ার সুযোগ দেওয়া হতো।

২০১৩ সালে তার ঐতিহাসিক মহাকাশ অভিযানের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি দেশে ফিরে আসেন। সে সময় আফগানিস্তানের তৎকালীন কর্মকর্তারা তাকে সংবর্ধনা দেন।

এর আগে টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোমান্দ অভিযানের প্রস্তুতির স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘আমাদের মহাকাশযাত্রার প্রস্তুতি খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়েছিল। প্রস্তুতি ও পুরো মিশন মিলিয়ে সময় লেগেছিল ছয় মাস। অথচ অন্য দেশগুলোর ক্ষেত্রে সাধারণত এ ধরনের প্রস্তুতিতে ১৮ মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগে।’

মোমান্দের মৃত্যুতে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আবদুল আহাদ মোমান্দ ছিলেন মহাকাশে যাওয়া প্রথম আফগান। তিনি আফগানিস্তানের জন্য এক মহান ও অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন। তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে ধৈর্য দান করুন।’

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি মোমান্দের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘এটি তার পরিবার, বন্ধু এবং আফগান জনগণের জন্য এক বড় ক্ষতি।’

মোমান্দের মহাকাশযাত্রা আফগানিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিতে উপস্থিতির প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং আজও বহু আফগানকে অনুপ্রাণিত করে।

কাবুলের বাসিন্দা হেমাত খান বলেন, ‘অন্য আফগানদের তার পথ অনুসরণ করা উচিত এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আফগানরা আবারও মহাকাশে যেতে পারে এবং দেশের জন্য বড় অর্জন বয়ে আনতে পারে।’

আরেক বাসিন্দা সাইয়েদ বোজার্গ বলেন, ‘তিনি পুরো জাতির গর্ব ছিলেন এবং মহাকাশে যাওয়া প্রথম আফগান। তিনি পবিত্র কোরআনও সঙ্গে নিয়েছিলেন এবং সেখান থেকে মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছিলেন।’

আবদুল আহাদ মোমান্দ আজ আর বেঁচে না থাকলেও তার পৃথিবী থেকে মহাকাশে পৌঁছানোর সেই ঐতিহাসিক যাত্রা আফগানিস্তানের মানুষের স্মৃতিতে চিরজাগ্রত হয়ে থাকবে। তার এই কীর্তি পৃথিবীর সীমানা ছাড়িয়ে আফগানিস্তানের নাম বিশ্বদরবারে তুলে ধরেছে।

সূত্র: বিবিসি, টোলোনিউজ

এই বিভাগের আরও সংবাদ