বগুড়া

বগুড়ার শেরপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে কালিমাখুচিত পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ‘তৌহিদী জনতা’র ব্যানারে অংশ নেওয়া মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে কয়েক’শ মানুষ কালিমাখুচিত সাদা পতাকা হাতে অংশ নেন।

দুপুর ২টার দিকে শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মসজিদের খতিব মুফতি আব্দুল আউয়াল শেরপুরীর নেতৃত্বে বিক্ষোভকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে ফিরে আসেন। মিছিলে পায়ে হাঁটার পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলও অংশ নেয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেন।

জুমার নামাজ শেষে কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লিদের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকেও মানুষ এ কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভকারীদের সবার হাতে কালিমাখুচিত সাদা পতাকা দেখা যায়।

কর্মসূচিকে কেন্দ্র করে শেরপুর থানা ও টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা মহাসড়কসহ আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুন মাসের মাঝামাঝি সময়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারে টাঙানো কালিমাখুচিত কয়েকটি পতাকা অজ্ঞাত ব্যক্তিরা অপসারণ ও পুড়িয়ে দেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে তাঁরা দাবি করেন।

সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ