ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল, তেল বিক্রির অনুমতি যুক্তরাষ্ট্রের


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য শুরু হওয়া শান্তি আলোচনায় অগ্রগতির পর ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে ওয়াশিংটন। পাশাপাশি লেবাননেও সংঘাত কমে আসার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের নতুন আশা তৈরি করেছে।
আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে তেল ও সংশ্লিষ্ট পণ্য বিক্রি এবং সেই অর্থ গ্রহণের অনুমতি দেওয়া হবে। এটি ইরানকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার লক্ষ্যে গৃহীত প্রথম পদক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির পর সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। মধ্যস্থতাকারী হিসেবে ছিল পাকিস্তান ও কাতার। বৈঠকে ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির রূপরেখা তৈরিতে দুই পক্ষ সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা একটি চূড়ান্ত চুক্তির জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। তার দাবি, তেহরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।
ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি সফল চূড়ান্ত চুক্তির জন্য খুব ভালো ভিত্তি স্থাপন করেছি।’
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইরান এখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করেনি এবং নতুন কোনো প্রতিশ্রুতিও দেয়নি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় কিংবা সঠিক আচরণ না করে, তাহলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আলোচনায় তেহরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর ছাড়, বিদেশে জব্দ হওয়া কিছু সম্পদ মুক্ত করার সুযোগ এবং দেশ পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা পেয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও দুই পক্ষ সম্মত হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধের জন্যও একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও ইসরাইল আনুষ্ঠানিকভাবে এই চুক্তির অংশ নয় এবং তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে, তবুও শুক্রবার একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি।
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতের পর থেকে সংঘাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। দক্ষিণ লেবাননের কেন্নারিত শহরে শনিবারের ইসরাইলি হামলায় নিহত চার নারীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের কফিন হিজবুল্লাহর হলুদ পতাকায় মোড়ানো ছিল।



